১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতারা। দলীয় সূত্রে জানানো হয়েছে, ১৪ দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
আরোও পড়ুন,পাচার করা অর্থ দিয়ে নাশকতার ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী
পাশাপাশি ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় আটকে পড়া প্রবাসী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন বলে দাবি করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, সীমিত আয়ের এসব শ্রমিকের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। তাই সরকারকে জরুরি ভিত্তিতে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। ফ্লাইট বাতিলের কারণে প্রবাসী শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন উল্লেখ করে মাওলানা খলিলুর রহমান টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মতামত