দীর্ঘ ১৭ বছর প্রতিকূলতা ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ১৮ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন,জয়পুরহাটে ল্যাপটপ ও সার ডিলারশিপ নিয়ে বিএনপি নেতার অভিযোগ
করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগের সময় প্রবাসে থেকেও তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তা দেওয়ার মতো নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এসব উদ্যোগের লক্ষ্য অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সংগঠনটির মানবিক কার্যক্রম ও দেশের সংকটকালীন সময়ে সহায়তার উদ্যোগগুলো তুলে ধরেন বিএনপির নেতারা।
মতামত