রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ইশরাকের পিস্তল উঁচানোর ঘটনায় জামায়াতের নিন্দা

ইশরাকের পিস্তল উঁচানোর ঘটনায় জামায়াতের নিন্দা

মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল উঁচিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর দাবি, গেন্ডারিয়া এলাকায় প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়। রোববার ১৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের স্বল্প সময়ের মধ্যে নিজেদের ব্যর্থতা আড়াল করতে দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। জুবায়েরের দাবি, এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর শনিবার বিকেলে গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পিস্তল উঁচিয়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।আরও পড়ুন,সরকারকে নয় ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াত জামায়াতের এই নেতা আরও বলেন, দেশের প্রচলিত অস্ত্র আইন অনুযায়ী নিজের নিরাপত্তা ছাড়া বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। বিবৃতিতে তিনি দাবি করেন, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করেছেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীল ব্যক্তির আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা সন্ত্রাসীদের আরও উৎসাহিত করতে পারে। এহসানুল মাহবুব জুবায়ের সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার চেয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্জিত ও জনবান্ধব পদ্ধতি অনুসরণেরও আহ্বান জানান জামায়াতের এই নেতা।