নতুন নাটক ‘নিয়তি’তে ইয়াশ রোহান ও নাজনীন নীহা
জুটি হিসেবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে খুব বেশি নাটকে দেখা যায়নি। এর আগে ‘অবুঝ পাখি’, ‘উয়িশ কার্ড’ ও ‘মনের মতো মন’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এবার নতুন নাটক ‘নিয়তি’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই জুটি। মঙ্গলবার নাটকটি মুক্তি পেয়েছে। নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান জানিয়েছেন, শুরুতে ‘নিয়তি’ ছিল ইয়াশ ও নীহার দ্বিতীয় কাজ। তবে বিভিন্ন কারণে নাটকটির প্রচারে কিছুটা দেরি হয়েছে। কলেজপড়ুয়া দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। জয়দেবপুরের একটি কলেজে এর শুটিং করা হয়েছে। নাটকে ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকের শুটিংয়ের একটি মজার এবং কিছুটা ঝুঁকিপূর্ণ ঘটনার কথাও জানিয়েছেন নির্মাতা। আরও পড়ুন,দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারিএকটি দৃশ্যে নায়ক নায়িকাকে কোলে নিয়ে সারপ্রাইজ দিতে গিয়ে পড়ে যাবেন এমন একটি মুহূর্ত দেখানোর কথা ছিল। দৃশ্যটি একেবারে বাস্তবসম্মতভাবে ধারণ করতে চেয়েছিলেন নির্মাতা। কয়েকবার চেষ্টা করেও দৃশ্যটি ঠিকভাবে ধারণ করা সম্ভব হচ্ছিল না। পরে বাস্তবভাবে শুটিং করতে গিয়ে নাজনীন নীহা দুইবার ইয়াশ রোহানের কোল থেকে পড়ে যান। এতে কিছুটা ব্যথাও পেয়েছিলেন তিনি। নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান জানান, দৃশ্যটি বাস্তবসম্মত করার জন্য ইয়াশ ও নীহার আন্তরিকতা এবং নিবেদন তাঁকে মুগ্ধ করেছে। সিএমভির প্রযোজনায় নির্মিত ‘নিয়তি’ নাটকে ইয়াশ রোহান ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাক। প্রেম ও সম্পর্কের গল্পে নির্মিত নাটকটি মুক্তির পর দর্শকদের আগ্রহ তৈরি করেছে।