বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নামকরণ করা হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। অগ্নিসংযোগ, বোমা হামলা ও গুম-হত্যার মাধ্যমে দলটি নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সঠিক ছিল বলে বর্তমান পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে। চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে তিনি জানান।আরও পড়ুন, অগ্নিসন্ত্রাস রুখতে চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরপ্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিচ্ছে এবং বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। বর্তমান সরকার গুম বা হত্যার পথে না গিয়ে মানবিক ও ধৈর্যশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি জানান, কোনো এলাকার জনগণ থানা বা সরকারি প্রতিষ্ঠান না চাইলে সরকার সেখানে তা রাখবে না। রংপুর ও উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে শুধু রংপুর জেলার জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদিত হয়েছে। এছাড়া দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রী সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

পুলিশ ও বিএনপির পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোটনের দাফন সম্পন্ন

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা ও পাহারায় চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ১২ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার গহিরায় নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীও। জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরার বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছায়। এ সময় বিএনপির নেতারা মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাত থেকেই গহিরা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাফনের সময়ও পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল। দাফনের কাজ তদারককারী গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানুষ হিসেবে রোটন ভালো ছিলেন। তিনি দেশের বড় মাপের রাজনীতিবিদ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন,ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ চূড়ান্ত করল ইসিরাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন বলে জানান জুয়েল চৌধুরী। উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা কাজ করেছেন। মানবিক বিবেচনায় তাঁরা সাবেক ছাত্রলীগ নেতার জানাজা ও দাফনে সহযোগিতা করেছেন। রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা জানান, মানবিক বিবেচনায় রোটনের শেষযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ভূমিকা রেখেছেন। রোটনের বড় ভাই নাসিবুল হায়দার চৌধুরী মিল্টন জানাজা সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সবাইকে তাঁর ভাইকে ক্ষমা করে দেওয়ার এবং তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ ও বিএনপির পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোটনের দাফন সম্পন্ন