দীর্ঘ প্রেমের পর সংসার নিয়ে যা বললেন বিজয়
দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এতদিন নানা গুঞ্জন থাকলেও সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি তারা। তবে বিয়ের পর একসঙ্গে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক ও ভালোবাসার নানা দিক তুলে ধরেছেন বিজয় ও রাশমিকা।
ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের সাক্ষাৎকারে বিজয় বলেন, সম্পর্কের দিক থেকে তারা এখন অনেক বেশি পরিণত। রাশমিকা প্রতিদিন তাকে ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন বলেও জানান তিনি। বিজয়ের ভাষায়, ভালোবাসার কথা প্রকাশ করা তাদের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ।আরও পড়ুন,বন্ধুত্ব থেকে প্রেমের গল্প ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’
প্রথম দেখাতেই রাশমিকাকে জীবনসঙ্গী হিসেবে মনে হয়েছিল কি না—এমন প্রশ্নের উত্তরে বিজয় জানান, প্রথম দেখায় প্রেমে তিনি বিশ্বাস করেন না। তার মতে, প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে জীবনসঙ্গী—তা সঙ্গে সঙ্গে বোঝা সম্ভব নয়। ভালোবাসার জন্য সময় এবং একটি পথ পেরোতে হয়। বিজয় আরও জানান, রাশমিকাকে প্রথম দেখায় তার শুধু সুন্দরই মনে হয়েছিল। তখন দুজনই শুটিংয়ের প্রথম দিনের ব্যস্ততা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার চিন্তায় ছিলেন। ফলে সেসময় প্রেম নিয়ে ভাবার মতো পরিস্থিতি ছিল না। সাক্ষাৎকারে তাদের ঘনিষ্ঠতার বিষয়টিও নজর কাড়ে। কথা বলার সময় দুজনকে পরস্পরের পায়ে স্পর্শ করে থাকতে দেখা যায়। এ বিষয়ে বিজয় বলেন, শারীরিক স্পর্শ তাদের ভালোবাসার স্বাভাবিক একটি অংশ। কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে শারীরিক যোগাযোগ থাকা তাদের ভালো লাগে। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে সিনেমায় দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।