বিজয় দেবরাকোন্ডাকে বিয়ের প্রস্তাব দিতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন রাশ্মিকা মান্দানা! এমনই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন নববিবাহিত এই তারকা দম্পতি। করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের নতুন পর্বের ট্রেলারে নিজেদের প্রেম ও বিয়ের অজানা গল্প তুলে ধরেছেন বিজয় ও রাশ্মিকা। প্রকাশিত ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, রাশ্মিকাকে বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন? এ সময় রাশ্মিকা মাথা নেড়ে জানান, বিজয় তাঁকে প্রস্তাব দেননি। এরপর হাসিঠাট্টার ছলে বিজয় বলেন, রাশ্মিকাই প্রথম তাঁকে বিয়ের কথা বলেছিলেন। এমনকি অন্তত ১০০ বার একই কথা বলেছেন বলেও রসিকতা করেন তিনি। করণ জোহর বিষয়টি নিয়ে রাশ্মিকার কাছে জানতে চাইলে তিনি স্বীকার করেন, প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। রাশ্মিকার এই স্বীকারোক্তিতে অবাক হন করণ। অন্যদিকে বিজয় মজা করে বলেন, তিনি বিষয়টি ঝুলিয়ে রাখার মতো হৃদয়হীন ছিলেন না; বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন,রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়ালেন নামির
বিয়ের গল্পের পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে আরও বেশ কিছু মজার মুহূর্ত। র্যাপিড-ফায়ার রাউন্ডে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রাশ্মিকা বেছে নেন আল্লু অর্জুনকে। অন্যদিকে, রাশ্মিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন ভালো—এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশ্মিকা বলে ওঠেন, অন্য কারও সঙ্গে নয়। স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় রসিকতা করে বলেন, বিবাহিত জীবনের প্রথম নিয়ম হলো স্ত্রীর সব কথায় সায় দেওয়া। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই তাঁদের প্রেম নিয়ে আলোচনা চললেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন দুজনেই। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ে করেন এই তারকা জুটি। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ ছবিতে অভিনয় করেছেন দুজন। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে।
মতামত