রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি
দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলারের প্রসারে সহজ শর্তে ও কম সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকার চুক্তি করেছে সরকার ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ। এর মাধ্যমে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। রোববার ১৮ অক্টোবর ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইডকলের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুফটপ সোলার কর্মসূচির আওতায় ইডকল এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড বিআইএফএফএল যৌথভাবে অর্থায়ন করবে। এ জন্য অর্থ বিভাগ থেকে প্রতিষ্ঠান দুটিকে মোট এক হাজার কোটি টাকা দেওয়া হবে।আরও পড়ুন,কাঁচামাল ও যন্ত্রপাতি বিক্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগএর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সম্পন্ন হয়েছে। এই অর্থ ইডকল তাদের ডিমান্ড এগ্রিগেটরদের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনে আগ্রহী গ্রাহকদের ঋণ হিসেবে দেবে। সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ অর্থায়নের ফলে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক ব্যয় মেটানো তুলনামূলক সহজ হবে বলে আশা করা হচ্ছে। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে। এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে নতুন করে ১০ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে বাসাবাড়ি ও বেসরকারি খাতে রুফটপ সোলারের ব্যবহার বাড়ানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহারে উৎসাহিত হবে গৃহস্থালি ও শিল্প খাত। তবে নির্ধারিত লক্ষ্য অর্জনে সহজ ঋণের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।