দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলারের প্রসারে সহজ শর্তে ও কম সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকার চুক্তি করেছে সরকার ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ। এর মাধ্যমে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। রোববার ১৮ অক্টোবর ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইডকলের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুফটপ সোলার কর্মসূচির আওতায় ইডকল এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড বিআইএফএফএল যৌথভাবে অর্থায়ন করবে। এ জন্য অর্থ বিভাগ থেকে প্রতিষ্ঠান দুটিকে মোট এক হাজার কোটি টাকা দেওয়া হবে।
আরও পড়ুন,কাঁচামাল ও যন্ত্রপাতি বিক্রিতে রাজস্ব ফাঁকির অভিযোগ
এর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সম্পন্ন হয়েছে। এই অর্থ ইডকল তাদের ডিমান্ড এগ্রিগেটরদের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনে আগ্রহী গ্রাহকদের ঋণ হিসেবে দেবে। সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ অর্থায়নের ফলে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক ব্যয় মেটানো তুলনামূলক সহজ হবে বলে আশা করা হচ্ছে। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে। এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে নতুন করে ১০ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে বাসাবাড়ি ও বেসরকারি খাতে রুফটপ সোলারের ব্যবহার বাড়ানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহারে উৎসাহিত হবে গৃহস্থালি ও শিল্প খাত। তবে নির্ধারিত লক্ষ্য অর্জনে সহজ ঋণের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত