চলতি ২০২৬-২০২৭ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে বিশেষ প্রণোদনা পাবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষণা অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করলে শর্তসাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা পাওয়া যাবে।
তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। অর্থাৎ একজন করদাতা তার নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পেলেও সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা পাবেন।এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি করবর্ষের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই এই বিশেষ সুবিধা কার্যকর হবে। ফলে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে যেসব করদাতা রিটার্ন দাখিল করবেন তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই প্রণোদনার আওতায় আসবেন।
অন্যদিকে সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই বিশেষ প্রণোদনা পাওয়া যাবে না। নির্ধারিত সময় পার হওয়ার পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী অতিরিক্ত কর বা জরিমানার বিষয়ও সামনে আসতে পারে।করসেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যে ২০২৬-২০২৭ করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে রিটার্ন প্রস্তুত ও জমা দিতে পারবেন।
আড়ও পড়ুন,ট্রাকভাড়া বাড়ায় ভোক্তার ওপর বাড়ছে খরচের চাপ
অনলাইনে কর পরিশোধের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ব্যবস্থা। ব্যাংক ট্রান্সফার ছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যায় পড়লে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টারে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। কল সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১।
এনবিআর সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
তবে কিছু বিশেষ শ্রেণির করদাতার জন্য পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, সনদপত্রের মাধ্যমে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
এ ছাড়া ই-রিটার্নে নিবন্ধনজনিত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।তাই বিশেষ প্রণোদনা পেতে ইচ্ছুক করদাতাদের সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই রিটার্ন দাখিল করার পরামর্শ দিয়েছে এনবিআর।
মতামত