দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এ দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ, প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়।
আড়ও পড়ুন,৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য এনবিআরের
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে দেশের জুয়েলারি বাজারে স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যে পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, স্থানীয় বাজারের চাহিদা-সরবরাহ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনটি নিয়মিতভাবে মূল্য পুনর্নির্ধারণ করে থাকে।
মতামত