গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজে যাওয়া-আসার পথে রিজভী প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানানোর পর রিজভীকে সতর্ক করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও ছাত্রীর পরিবার তা প্রত্যাখ্যান করে। পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী, গত সোমবার সকালে বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে রিজভী ও তার কয়েকজন সহযোগী ওই কলেজছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান।
আড়ও পড়ুন,সাত ইসলামী দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি, ২২ অক্টোবর বৈঠকে সমাধানের চেষ্টা
এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর গাজীপুর জেলা ছাত্রদল রিজভীকে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ দলীয় দায়িত্ব থেকে বহিষ্কার করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযোগের বিষয়ে রিজভীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার এক প্রতিবেশী ও এক আত্মীয়ের দাবি, ঘটনাটি অপহরণ নয়; এটি প্রেমঘটিত বিষয়।এদিকে কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। মাওনা পুলিশ ফাঁড়ির এসআই শাহীনুর ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত