ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও মো. আবু সাদিককে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির। অন্যদিকে মো. আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহসভাপতি বা ভিপি। অনুষ্ঠানে সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সম্প্রতি তাঁর খাল ও আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন শফিকুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করে জামায়াতের আমির বলেন, ডাকসুকে যেভাবে সাজানো হয়েছে, একইভাবে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটিকেও সাজাবেন বলে তিনি আশা করেন।
আরও পড়ুন,যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের কাজ ঘুমানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার তাদের নিরাপত্তা দেবে—এটাই সরকারের দায়িত্ব। এ সময় রাজধানীর মিরপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে জামায়াতের পক্ষ থেকে অনুদান দেওয়ার ঘোষণার কথাও জানান তিনি। তাঁর অভিযোগ, অনুদানের অর্থ দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে। রাড্ডা সেন্টারে হামলা ও সম্পদ লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। এ ছাড়া ডেঙ্গুর পাশাপাশি হাম প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিমানবন্দরের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারেরও সমালোচনা করেন শফিকুর রহমান। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত