ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য প্রথমবারের মতো লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। সারা দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হয়। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন, বিশেষ করে ঢাকায় পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকায় পদায়নকে অনেক সময় সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে ঢাকা থেকেই পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা, অমায়িক বাবু, ফরিদা আক্তার, অজয় কুমার সাহা, অমিত মঙ্গল চাকমা, মো. রাসেল মল্লিক, গোবিন্দ সাহা, মো. মাসুম,
আরও পড়ুন,শিক্ষককে সম্মান দিলে রাষ্ট্রের মর্যাদা বাড়ে প্রধানমন্ত্রী
এস এম আবু মুসা, নাজনীন জাহান, মোহাম্মদ হানিফ, মনীষা রায়, সিং মং থোয়াই, রাজিব মজুমদার, আলী আজগর, শর্মিলা আহমেদ শম্পা, আমিনা বেগম ও টিনু চাকমা। আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বিপরীতে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, যেসব পদায়নকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। লটারিতে নির্বাচিত কর্মকর্তারা কতদিন ঢাকায় থাকবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী অনুমোদিত সময় পর্যন্ত এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা সাপেক্ষে তাঁরা ঢাকায় থাকবেন। সরকারের এই উদ্যোগের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মকর্তাদের পদায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার একটি নতুন প্রক্রিয়া শুরু হলো।
মতামত