ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম জানান, দেশে আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে কীভাবে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায় এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করা যায়, মূলত তা নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অবস্থান থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক থাকার আহ্বান জানান। আরও পড়ুন, ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সুস্পষ্ট অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান এই সংকটময় পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও জোর দিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য বা ‘জুলাই ঐক্যের’ প্রশ্নে অবশ্যই রাষ্ট্রীয় সংস্কার, সুষ্ঠু বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সরকারের উদ্যোগে শুরু হওয়া এই ঐক্যের প্রক্রিয়ায় যেন ‘সংস্কার’ একটি অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে থাকে, বৈঠকে এনসিপির পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে সোমবার বেলা ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এনসিপির শীর্ষ নেতাদের এই গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
মতামত