বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলপথে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের অনুমোদিত রুটের বাইরে বা অননুমোদিত জলপথ ব্যবহার করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো সামুদ্রিক মাইনে আঘাত হেনে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানি সামরিক বাহিনীর উচ্চপদস্থ সূত্রের বরাতে আইআরআইবি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণাংশে আন্তর্জাতিক বাণিজ্যিক ট্যাংকার সামুদ্রিক মাইনের সংস্পর্শে আসার পর একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন,নারীর প্রতি সহিংসতা রোধে বিচার ব্যবস্থায় লিঙ্গ-সংবেদনশীলতা জরুরি
তবে বিস্ফোরণে কতটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মালিকানা কী কিংবা কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের এই খবর সামনে এসেছে। এর আগে ইরান সরকারের পক্ষ থেকে তেহরানের অনুমোদিত নিরাপদ রুট ছাড়া বিকল্প বা অননুমোদিত জলপথ ব্যবহার না করার জন্য প্রণালিটি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল। হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে তেল পরিবহন ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বিস্ফোরণের খবরের পর আন্তর্জাতিক তেল সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংশ্লিষ্ট জাহাজগুলোর অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মতামত