নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। গুদামমালিকদের দাবি, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার, ১১ অক্টোবর, দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন,স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় ১৩৫ রোগীর অস্ত্রোপচার
দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ২৬টি গুদামে থাকা ঝুটের কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। অন্যদিকে, পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামগুলোর সব মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। ইমরান হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে সব গুদামের মালামাল মিলিয়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো জানানো হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ মনে করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
মতামত