বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি দ্বিতীয় দিনের আয় কিছুটা কমলেও দুই দিনেই ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের ১৭ অক্টোবরের হিসাব অনুযায়ী, দুই দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২০৯ কোটি ১০ লাখ রুপি। এর মধ্য দিয়ে আগের সিনেমা ‘জেলার’-এর প্রথম দুই দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি ১৫ অক্টোবর মুক্তি পায়। প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ১২৫ কোটি ২৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ৭০ কোটি ২৫ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে ৫৫ কোটি রুপি। রজনীকান্তের সিনেমার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। এ তালিকায় শীর্ষে রয়েছে তাঁর অভিনীত ‘কুলি’, যার প্রথম দিনের আয় প্রায় ১৫১ কোটি ১০ লাখ রুপি। তবে দ্বিতীয় দিনে ছবিটির আয় কমেছে প্রায় ৪০ দশমিক ৪ শতাংশ। ১৬ অক্টোবর ভারতের বাজারে সিনেমাটির নিট আয় হয়েছে ৩৫ কোটি ৬০ লাখ রুপি। প্রথম দিনের তুলনায় আয় কমলেও বিদেশের বাজার থেকে আরও ৪০ কোটি রুপি আসায় বিশ্বব্যাপী মোট আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
আরও পড়ুন,কুরুকের অভিযান নিয়ে আসছে নতুন অ্যানিমেশন
স্যাকনিল্কের হিসাবে, দুই দিনে ভারতের বাজারে ছবিটির নিট আয় ৯৫ কোটি ৩০ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ১০ লাখ রুপি। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে ৯৭ কোটি রুপি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি রজনীকান্তের ক্যারিয়ারে বড় বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছিল। এবার সিক্যুয়েলটি সেই জনপ্রিয়তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পথে এগোচ্ছে। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্যে মাত্র দুই দিনে ২০০ কোটি রুপির বিশ্বব্যাপী আয় করা দ্রুততম ছবিও এটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিনেমাটিতে অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ান ওরফে টাইগার চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। পরিবার ও নিজের উত্তরাধিকার রক্ষায় অপরাধজগতের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও সিনেমাটির দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য ও গল্পের কিছু অসংগতি নিয়ে সমালোচনা রয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে ‘জেলার ২’ আয়ের এই গতি ধরে রেখে আরও কত নতুন রেকর্ড গড়তে পারে।
মতামত