বিশ্বসংগীতে নতুন ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি স্ট্রিমের মাইলফলক অর্জন করেছে দলটি। কোনো ব্যান্ড হিসেবে এই প্রথম এমন রেকর্ড গড়ল জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুকের দল। বিটিএসের প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক সংগীতশিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেন। তবে কোনো সংগীত দল হিসেবে এই কৃতিত্ব এবারই প্রথম অর্জন করল বিটিএস। গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছর সেই সংখ্যা বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন,নভেম্বরেই বন্ধ হচ্ছে গাজীপুরের উল্কা সিনেমা হল
এই অভাবনীয় সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। গত ২০ মার্চ প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে পাঁচ বিলিয়নেরও বেশি বার শোনা হয়েছে। চলতি বছর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে এটি। দীর্ঘ চার বছরের বিরতি শেষে বিটিএসের সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করে একসঙ্গে ফেরার পর প্রকাশিত হয় ‘আরিরাং’। অ্যালবামটি ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে এর গানগুলো ১১ কোটিরও বেশি বার শোনা হয়েছিল বলে জানানো হয়েছে। স্পটিফাইয়ের পাশাপাশি বিলবোর্ডের তালিকাতেও সাফল্য ধরে রেখেছে বিটিএস। ২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের ‘আরিরাং’ প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে বিলবোর্ড ২০০ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখার কৃতিত্ব অর্জন করেছে। বিশ্বজুড়ে কে-পপের জনপ্রিয়তা বৃদ্ধির ধারাবাহিকতায় বিটিএসের এই অর্জন দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পের জন্যও বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজিটাল সংগীতের প্রতিযোগিতামূলক বিশ্বে নতুন এই রেকর্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজেদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করল ব্যান্ডটি।
মতামত