গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধি মনোনীত হওয়ার পর দুই দিনের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরকারি ছুটি না থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ড নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড গঠনের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেছে। এখন শুধু শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নামের অপেক্ষায় রয়েছে সরকার। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিনিধি মনোনীত করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে। এর মাধ্যমে গার্মেন্টস খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণসংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শ্রমমন্ত্রী।
আরও পড়ুন,বিআরটিএর বড় সুযোগ
যেসব কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে, সেসব কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মজুরি পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, কোনো কারখানায় সমস্যা দেখা দিলে প্রথমে সংশ্লিষ্ট কারখানার মধ্যেই তা সমাধানের চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠন, মালিকপক্ষের সংগঠন ও সরকার সহযোগিতা করবে। শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করা উচিত নয়। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের বাইরের কেউ যেন অযথা ইস্যু তৈরি করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানা সচল রাখার মধ্য দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। শ্রমিকদের কল্যাণে প্রয়োজনে দিনরাত কাজ করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ত্রিপক্ষীয় বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের পর শ্রম অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার সঞ্চালনা করেন। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
মতামত