ইয়েমেনে জোটের বিমান হামলায় নিহত ৪১, পাল্টা হামলার হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের চালানো বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার দেশটির একাধিক স্থানে এই হামলা চালানো হয়। লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ ছাড়াও রাজধানী সানা, সা'দা এবং তাইজ প্রদেশে বিমান হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোট এই সামরিক পদক্ষেপকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে অভিহিত করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালান এবং পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।আরও পড়ুন, নেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকটঅন্যদিকে, হামলার আগেই হুতি গোষ্ঠী কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে, হুদাইদাহ বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে, যার মধ্যে জেদ্দা বন্দরও অন্তর্ভুক্ত। পাশাপাশি সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল তারা। এদিকে তুর্কি আল-মালকি আরেকটি পোস্টে দাবি করেন, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় গিয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, এই সামরিক উত্তেজনার মধ্যেই হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে। সব মিলিয়ে ইয়েমেন ও সৌদি আরব সীমান্তে সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হুমকিকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।