দেশের সাতটি অঞ্চলে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। তাই নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম এদিকে, পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া আরও কিছুটা বিরূপ থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, ৫ বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ
মতামত