২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধন ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ
২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা রবিবার (২২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫ (৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের জন্য এই সময়সীমা প্রযোজ্য হবে। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সব হজযাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।আরও পড়ুন, এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১১.৪৫ শতাংশ শিক্ষার্থীরএদিকে, একই দিনে প্রকাশিত অন্য এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, হজের টিকা গ্রহণের আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে হজযাত্রীরা এই পরীক্ষাগুলো করাতে পারবেন। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। কাগজপত্র যাচাই শেষে হজযাত্রীদের টিকা প্রদান করা হবে এবং পরবর্তীতে তাঁদের অনুকূলে চূড়ান্ত স্বাস্থ্য সনদ ইস্যু করা হবে। এ ছাড়া হজসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।