হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পরপরই এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না; পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের সার্বিক প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে, যার মধ্যে উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সাথে কক্সবাজার বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলেই সেটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।
আরও পড়ুন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে এই আধুনিক টার্মিনালটি নির্মিত হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির ‘সফট ওপেনিং’ করা হয়েছিল এবং গত আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারও করেছিল। তবে সুমিতোমো করপোরেশন নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতার অভাবে তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যায়নি। পূর্ববর্তী সরকারের আমলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় টার্মিনাল পরিচালনার চুক্তি ওই কনসোর্টিয়ামকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দিলে কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। অত্যাধুনিক এই স্থাপনায় ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত এই টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে এবং কার্গো পরিচালনাও বহুগুণ বৃদ্ধি পাবে।
মতামত