সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছর বা তার কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (২২ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত তার আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, গঠিত এই কমিটিতে অবশ্যই সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে। হাইকোর্ট ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন। একই সঙ্গে ১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আরও পড়ুন, স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলের ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলমসুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি পরিচালনা করেন। শুনানিকালে আইনজীবী দস্তগীর জানান, কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা বিধিনিষেধ না থাকায় বাংলাদেশের শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতায় ভুগছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। রিটের শুনানিতে আইসিডিডিআর,বি-র একটি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি অর্থাৎ প্রায় ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে ব্যয় করে, যা আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি। ওই গবেষণায় আরও উঠে এসেছে যে, অতিরিক্ত ডিভাইস ব্যবহারকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু নিয়মিত মাথাব্যথা অনুভব করে। এছাড়া শৈশবে পর্যাপ্ত ঘুমের অভাবে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক শারীরিক ও মানসিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।