কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে এবং এরপরই দলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে দলটি ইতিবাচকভাবে দেখছে। তবে এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই হতে হবে এই জাতীয় ঐক্যের মূল ভিত্তি। বৈঠকে এনসিপি নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্য বিনষ্ট হওয়ার কারণগুলো তুলে ধরার পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগ জানাবেন। এছাড়া গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাদের পাঁচ দফা দাবিও প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।
আরও পড়ুন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে জাতীয় সংসদের সবশেষ অধিবেশনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রমতে, বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী প্রথমে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন এবং পরবর্তীতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে। জামায়াতের এক নেতার মতে, আলোচনার ক্ষেত্রে 'জুলাই সনদ ও গণভোট'-কে অভিন্ন ভিত্তি হিসেবে ধরা হলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হবে। এনসিপির সঙ্গে বৈঠকের সমন্বয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু যোগাযোগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত