এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১১.৪৫ শতাংশ শিক্ষার্থীর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আবেদন করা মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র নতুন করে যাচাই-বাছাই করা হয়েছে। এতে মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যা ও হার—উভয় দিক থেকেই সবার ওপরে অবস্থান করছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এই বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থীর ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।আরও পড়ুন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরসংখ্যাগত দিক থেকে ফল পরিবর্তনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি খাতা যাচাই করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে (৭ দশমিক ১৬ শতাংশ)। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জনের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ), কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জনের মধ্যে ৩ হাজার ৬৫ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ) ফলাফল পরিবর্তিত হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন এবং সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফলাফল বদলেছে। তবে ১১টি বোর্ডের মধ্যে সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে; সেখানে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর বিপরীতে মাত্র ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে।