সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শ্রমবাজারে চাহিদা নেই এমন কোনো নতুন বিভাগ বিশ্ববিদ্যালয়ে খোলা উচিত নয়; বরং কর্মবাজারের প্রকৃত চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিতে হবে। আজ রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাজেটের কোনো অভাব নেই, তবে কীভাবে সেই বাজেট আনতে হবে এবং যথাযথভাবে কাজে লাগাতে হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিহ্নিত করতে হবে। অতীতের সমালোচনা করে তিনি বলেন, পূর্বে শিক্ষক রাজনীতি ও ছাত্ররাজনীতির চাপে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু বিভাগ খোলা হয়েছিল, যার বাস্তবিক ফল এখন সামনে আসছে। তাই ভবিষ্যতে অপ্রয়োজনীয় বিভাগ খোলার প্রবণতা বন্ধ করতে হবে।আরও পড়ুন, ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টেরবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিষয়ের প্রয়োজন নেই, সেসব বিভাগের অনুমোদন আপাতত বন্ধ রাখতে হবে। এর পরিবর্তে যেসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ এবং জনবল কাঠামো শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। একই অনুষ্ঠানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিরাজমান তীব্র শিক্ষকসংকটের চিত্রও তুলে ধরেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়—শিক্ষার প্রতিটি স্তরেই পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভরশীলতার সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে তারা পিএসসির ওপর নির্ভরশীল হলেও চাহিদা অনুযায়ী পিএসসি শিক্ষক দিতে পারছে না; এ বিষয়ে সরাসরি কথা বলেও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি।