সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলের ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলের ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম

আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আগাম কোনো পদক্ষেপ না নেওয়াকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলমের মতে, সরকারের এই নীরবতা অনেকের কাছে দুর্বলতা মনে হলেও বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক ফাঁদ, যাতে আওয়ামী লীগ সহিংসতার পথ বেছে নিয়ে নিজেরাই পা দিয়েছে। শফিকুল আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়ি ও থানায় অগ্নিসংযোগ, বাসে পেট্রোল বোমা হামলা এবং সাধারণ যাত্রীদের রাজনৈতিক আনুগত্য যাচাইয়ের মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। গোপালগঞ্জে সহিংসতায় পাঁচজনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ধ্বংসাত্মক তৎপরতা দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকেই ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের আরও চাপে ফেলেছে। তিনি আরও জানান, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জের বাইরে খুব একটা ছড়ায়নি এবং তিন বাহিনীর প্রধানদের সেখানে পাঠানোর আগেই দলটির তরুণ কর্মীরা অন্য জেলায় পালিয়ে যান।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিল এনসিপি, সোমবার সংলাপএছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তোলাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শফিকুল আলম। তার ভাষ্যমতে, সংসদে থাকা দলগুলোর এই সমন্বয় আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ সংকুচিত করেছে। আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, দীর্ঘমেয়াদে সহিংসতা বাড়ানোর কৌশল দলটিকে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং গণরোষ তৈরি করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও ভারতের অবস্থান প্রসঙ্গে শফিকুল আলম বিশ্লেষণ করে বলেন, রাজনীতিতে অবস্থান পুনরুদ্ধারে আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলেও, রমজানের পর কলকাতায় অবস্থানরত জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে দিল্লির অবস্থান পর্যালোচনার প্রয়োজন হতে পারে এবং তাদের যুক্তরাজ্য বা পশ্চিমা দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। সবশেষে তিনি ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, একপর্যায়ে নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক সফরের প্রস্তুতি নিতে পারে এবং ২০২৯ সালের দিকে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানেরও আধা-সরকারি সফরে ভারত যাওয়ার সম্ভাবনা রয়েছে।