নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় চার শিক্ষার্থী। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল তিনজন।নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার ফারুক আহমেদের জমজ দুই ছেলে আরিফিন আহমেদ ও আশিকিন আহমেদ। তাদের বয়স ১৫ বছর। অপর নিহত আবিদ হোসেনের বয়স ১৪ বছর।আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আবিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
আড়ও পড়ুন,নদীর বুকে ভাসে হাট, নৌকায় নৌকায় বেচাকেনা
প্রায় তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে নদীর ভাটিবন্দর এলাকা থেকে জমজ দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে উদ্ধার করা হয় আবিদ হোসেনের লাশ।স্থানীয়দের অভিযোগ, নদীতে নোঙর করা কয়েকটি বাল্কহেডের পাশে শিক্ষার্থীরা গোসল করছিল। একটি বাল্কহেড ইঞ্জিন চালু করে চলে যাওয়ার সময় ধাক্কা অথবা পাখার আঘাতে তারা পানিতে তলিয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।ফায়ার সার্ভিস জানিয়েছে, তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মেঘনার তীর।
মতামত