নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারীদের ভর্তুকি মূল্যে মসুর ডাল দিতে আরও ১০ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নের পর সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে কাজ পেয়েছে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড।
টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।
আড়ও পড়ুন,অনাপত্তি সনদ বাতিলের পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন ডাল সংগ্রহ করা হয়েছে।নতুন করে আরও ১০ হাজার মেট্রিক টন ডাল কেনা হলে টিসিবির মজুত বাড়বে। ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্যে ডাল বিতরণে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
সরকারের নিয়মিত খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে দিয়ে থাকে। সেই কর্মসূচিতে মসুর ডালের চাহিদা পূরণে নতুন এই ক্রয় উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের অনুমোদনের পর স্থানীয় সরবরাহকারীর মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় ডাল সংগ্রহ করা হবে। এরপর টিসিবির গুদামে মজুত করে প্রয়োজন অনুযায়ী তা ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে।
মতামত