দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই অতিরিক্ত এলএনজি কেনা হবে।
বুধবার চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৬তম সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন দেয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর বাংলাদেশে সরবরাহ করা হবে। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পসহ বিভিন্ন খাতে জ্বালানির চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিত করতেই এই অতিরিক্ত কার্গো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আড়ও পড়ুন,ভারতীয় রুপির বিপরীতে দুই বছরে ১১.৬ শতাংশ শক্তিশালী টাকা
সভায় জানানো হয় প্রতিটি এলএনজি কার্গোর মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউতে জেকেএম মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হার প্রযোজ্য হবে। এই মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।
দুটি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে। সরকারি পর্যায়ের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরাসরি সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে সরবরাহকারী হিসেবে রাখা হয়েছে।
দেশে গ্যাসের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিনির্ভর এলএনজির ওপরও নির্ভরতা বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন শিল্প ও বিভিন্ন বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সরকারের চলমান জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে অতিরিক্ত এই দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কার্গো দুটি দেশে পৌঁছালে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় তা যুক্ত হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
মতামত