গাজীপুরে মাছের ড্রামভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার বিকেল ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জয়দেবপুর বনমালা টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল মাছের ড্রামভর্তি একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে আরও একজনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন। তাদের বয়স যথাক্রমে ৪২ ও ৪৪ বছর। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।
আড়ও পড়ুন,রামেক হাসপাতালে দালাল চক্রের সাত সদস্যের কারাদণ্ড
এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল মোতালেব আল আমীন ও রুবেল হোসেন। আহতদের মধ্যে দুজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত রুবেল হোসেনকে স্বজনরা ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শেখ ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং দুইজন আহত ছিলেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতামত