ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেস। আগামী জানুয়ারির দলবদলের বাজারে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে আনতে আগ্রহী ইংলিশ ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক রাফিনহাকে দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখতে চান। এ কারণেই তাকে দলে পেতে বড় ধরনের আর্থিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।
রাফিনহার জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর একটি বিড প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবে দেওয়া হলে তা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম বড় দলবদল হতে পারে। ব্রাজিলিয়ান তারকাকে দলে আনতে শুধু ট্রান্সফার ফিই নয়, ব্যক্তিগত চুক্তিতেও বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন
রাফিনহাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন বানানোর পরিকল্পনা করছে ইউনাইটেড। এমনকি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের চেয়েও বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
বর্তমানে বার্সেলোনায় কোচ হান্সি ফ্লিকের অধীনে দারুণ সময় কাটাচ্ছেন রাফিনহা। উইঙ্গারের পাশাপাশি আক্রমণভাগের বিভিন্ন ভূমিকায় খেলেও তিনি কার্যকর পারফরম্যান্স করছেন। গোল ও অ্যাসিস্টে তার অবদান বার্সেলোনার আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।
তবে রাফিনহাকে বার্সেলোনা থেকে বের করে আনা সহজ হবে না। কাতালান ক্লাবটির সঙ্গে তার অবস্থান এবং বর্তমান ফর্ম বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার বিষয়টিও সম্ভাব্য এই মেগা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফলে জানুয়ারির দলবদলে রাফিনহাকে ঘিরে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ কতটা বাস্তবে রূপ নেয় এখন সেটিই দেখার বিষয়। ১২০ মিলিয়ন ইউরোর সম্ভাব্য প্রস্তাব এবং বিপুল বেতনের পরিকল্পনা সফল হলে এটি ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত দলবদল হতে পারে।
মতামত