অনলাইন বেটিং এবং ইংল্যান্ড সফরে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগে তদন্তের মুখে থাকা পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তদন্তের নিষ্পত্তি না হলেও বোর্ডের ছাড়পত্র পেয়ে মাঠে ফিরছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির প্রেসিডেন্টস ট্রফির সপ্তম ও শেষ রাউন্ডে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের অধিনায়কত্ব করবেন রিজওয়ান। দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত মাসে ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েন রিজওয়ান। দেশে ফিরে তিনি নিজের ঘরোয়া দল এসএনজিপিএলে যোগ দেন। দলের সঙ্গে অনুশীলন এবং টিম মিটিংয়েও অংশ নেন তিনি। তবে পরবর্তী সময়ে রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলমান থাকার কথা জানিয়ে তাঁকে না খেলানোর নির্দেশ দেয় পিসিবি। এরপর দল ছাড়তে হয় এই ক্রিকেটারকে।
আরও পড়ুন,জ্যোতির বদলে নেতৃত্বে নাহিদা সহ-অধিনায়ক সোবহানা
এবার পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনো শেষ হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথাও জানানো হয়নি। রিজওয়ানের প্রত্যাবর্তনে এসএনজিপিএল দল নতুন করে উজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। কারণ, আট দলের প্রেসিডেন্টস ট্রফিতে দলটির অবস্থান বর্তমানে টেবিলের তলানিতে। ছয় ম্যাচ খেলে পাঁচটি ড্র ও একটি হারে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। টুর্নামেন্টের শেষ রাউন্ডে ১৯ অক্টোবর রাওয়ালপিন্ডির শোয়েব আখতার স্টেডিয়ামে তৃতীয় স্থানে থাকা খান রিসার্চ ল্যাবরেটরিজের মুখোমুখি হবে এসএনজিপিএল। এই ম্যাচে অধিনায়ক হিসেবে রিজওয়ানের দায়িত্ব হবে দলকে জয় এনে দিয়ে প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করা। তবে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পাওয়া আর তদন্ত থেকে অব্যাহতি পাওয়া এক বিষয় নয়। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রিজওয়ানের তদন্তের বিষয়টি আলাদা প্রক্রিয়া হিসেবেই থাকবে।
মতামত