লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক অনন্য অধ্যায়। আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টর হোনরিস কউসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়টির উচ্চ পর্ষদ সর্বসম্মতিক্রমে এই সম্মাননা দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি তাঁর অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে নৈতিক আচরণ এবং আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনও উঠে এসেছে প্রস্তাবে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতেন তিনি।বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দা গেলপি বলেন,
আড়ও পড়ুন,সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশ
পরিসংখ্যান ও ক্রীড়াবিদ হিসেবে অর্জনের বাইরেও একজন বিনয়ী ও অদম্য মানুষ হিসেবে মেসিকে সম্মান জানাতে চায় বিশ্ববিদ্যালয়। তাঁর ভাষ্য অনুযায়ী, মেসি আর্জেন্টিনার জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ও দূত।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, এই সম্মানসূচক ডক্টরেট শুধু মেসির ফুটবল ক্যারিয়ারকে স্বীকৃতি দেওয়ার বিষয় নয়, বরং আর্জেন্টাইন সমাজের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ।গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ঘরের মাঠে তাঁকে বিদায় জানানোর জন্য আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই অনুরোধে রাজি হন তিনি।আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের শেষ ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ের ম্যাচে তিনি ছিলেন না। আগামী রোববার ভোরে বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও খেলবেন না তিনি।এরপর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আর সেই বিদায়ের মুহূর্তের আগেই বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের এই কিংবদন্তি।
মতামত