দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সোমবার ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। দাম কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন,নগ্ন দৃশ্যের বিতর্ক পেরিয়ে প্রযোজক হিসেবেও সফল ডাকোটা জনসন
তবে একই সময়ে বিশ্ববাজারেও সোনার দামে বড় ধরনের ওঠানামা চলছে। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে তিন দফায় সোনার দাম কমে মোট ৬ হাজার ৬৫ টাকা। সেই ধারাবাহিকতার পর এবার আবারও প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল। চলতি বছরের শুরুতে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গত ২৯ জানুয়ারি একলাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে। এটি ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এরপর কয়েক দফা কমে দাম ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে গেলেও পরে আবার বাড়তে শুরু করে। বিশ্ববাজারেও বর্তমানে সোনার দাম নিম্নমুখী। টানা কয়েক দিন ধরে দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুযায়ী, সোমবার বেলা ১১টা ৫৩ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৪ হাজার ১৩৫ ডলার। গত সপ্তাহে তা নেমেছিল ৪ হাজার ১১০ ডলারে।
মতামত