কাতারের উত্তর উপকূলের অদূরে বহুজাতিক একটি তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও। বুধবার মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে সমুদ্রসীমায় ট্যাঙ্কারটিতে হামলার ঘটনা ঘটে। তবে এতে কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইউকেএমটিও। হামলার পর ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আক্রান্ত জাহাজটি কোন দেশের এবং কার মালিকানাধীন সে বিষয়েও এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কাতারের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে হামলার ঘটনা ঘটলেও দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন,যুদ্ধের তিন বছর পরও গাজাবাসীর শেষ হয়নি বেঁচে থাকার সংগ্রাম
বাণিজ্যিক নৌ পরিবহন বিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, পারস্য উপসাগরের মধ্য ও পশ্চিমাঞ্চলে তেলবাহী ট্যাঙ্কারে এ ধরনের হামলা তুলনামূলক বিরল। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের শুরুতেই হরমুজ প্রণালিতে ৯টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যা সেপ্টেম্বর মাসে হওয়া মোট হামলার প্রায় অর্ধেক। এদিকে এসব হামলার মধ্যেও কেপলারের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে দৈনিক তেল রপ্তানি যুদ্ধপূর্ব গড় ১৮ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে ১৮ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত