ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ এবার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলাদেশের এই প্রযুক্তি ও অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে নেপাল ও শ্রীলঙ্কা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের তৈরি এই প্রযুক্তি অন্য দেশেও ব্যবহৃত হলে কারিগরি ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধান বের করা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হবে এবং ব্যবস্থাটির গ্রহণযোগ্যতাও বাড়বে।
আরও পড়ুন,এলপিজির নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় বিপাকে কোটি পরিবার
নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বাংলাদেশের পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি। নেপালের প্রতিনিধিদল নিজেদের উদ্যোগে এ প্রযুক্তি সম্পর্কে জানতে এসেছে এবং তারা ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। গত সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের সময়ও দেশটির পক্ষ থেকে একই ধরনের আগ্রহ দেখা গেছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও উপনির্বাচনে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে ব্যবস্থাটিকে আরও কার্যকর করতে হবে। তাঁর মতে, এই অভিজ্ঞতা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা ভবিষ্যতে কাজে লাগানো সম্ভব।
মতামত