ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন অপু বিশ্বাস। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু লিখেছেন, ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নতুন কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে। অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই ছবির সঙ্গে দেওয়া তাঁর আবেগঘন লেখাটি অনুসারীদের নজর কেড়েছে। শুভেচ্ছাবার্তার শুরুতে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ এরপর ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর জীবনের পথচলায় শেখানো বিষয়গুলোকে মূল্যবান বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
আরোও পড়ুন,দেবের পরিচালনায় প্রথম ছবি, সঙ্গে শুভশ্রী পূজায় বড় চমক
একই সঙ্গে তাঁর জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন তিনি। পোস্টে ওই ব্যক্তির সাফল্য কামনা করার পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও প্রকাশ করেছেন অপু। তিনি লিখেছেন, শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবেই নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও যেন সব সময় পাশে থাকেন তিনি। তবে ছবিতে থাকা ওই যুবকের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। অপু বিশ্বাস তাঁর পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও, তাঁর ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। তাঁর এই ব্যবসায়িক পথচলায় ফেরদৌস হাসানের পরামর্শ ও অনুপ্রেরণার বিষয়টিই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে। তবে তাঁদের বন্ধুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতূহল তৈরি হলেও, এর বাইরে কোনো সম্পর্কের বিষয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
মতামত