দুর্গাপূজার উৎসবকে ঘিরে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র অঙ্গনে শুরু হচ্ছে চার ছবির প্রতিযোগিতা। রোমান্স ও অ্যাকশন, রহস্যভেদ, ডাকাতির রোমাঞ্চ কিংবা ইতিহাসনির্ভর গল্প দর্শকদের জন্য থাকছে ভিন্ন স্বাদের আয়োজন। দেব–শুভশ্রীর নতুন ছবি ‘দেশু৭’, একেনবাবুকে নিয়ে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। চার ছবির মধ্যে বাড়তি আকর্ষণ দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু৭’। গত বছর ‘ধূমকেতু’ মুক্তির পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় এই জুটি। তবে এবার দেবের দায়িত্ব আরও বড়। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। অন্যদিকে, রহস্য ও হাস্যরসের মিশেলে ফিরছেন জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবিতে এক বিজ্ঞানীর অপহরণের রহস্য সমাধানে কেরালায় পাড়ি দেবেন তিনি।
আরোও পড়ুন,‘দৃশ্যম’-এর সঙ্গে তুলনা, নতুন মালয়ালম থ্রিলারে মুগ্ধ দর্শক
ছবিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, অম্বরীশ ভট্টাচার্য ও কমলেশ্বর মুখোপাধ্যায়। সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ১৫ অক্টোবর। একই দিনে মুক্তি পাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ২০২৪ সালের ‘বহুরূপী’র সাফল্যের পর নতুন পর্বে আরও বড় পরিসরের ডাকাতি ও অ্যাকশন নিয়ে ফিরছেন নির্মাতা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন শিবপ্রসাদ, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়। নতুন গল্পে যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই ছবিটির অন্যতম আকর্ষণ। অন্য তিন ছবির তুলনায় ভিন্নধর্মী গল্প নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির কেন্দ্রে রয়েছেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। ছবিতে আরও আছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। শরৎচন্দ্রের রাজনৈতিক চেতনা ও ব্রিটিশবিরোধী অবস্থান তুলে ধরার পাশাপাশি গল্পে গুরুত্ব পেয়েছে তাঁর উপন্যাস ‘পথের দাবী’। ছবিটি মুক্তি পাবে ১৫ অক্টোবর। এখন দেখার বিষয়, পূজার ছুটিতে কোন ছবিটি দর্শকের সবচেয়ে বেশি মন জয় করে। তারকাদের জনপ্রিয়তা, পরিচিত ফ্র্যাঞ্চাইজি নাকি ভিন্নধর্মী গল্প শেষ পর্যন্ত বক্স অফিসের লড়াইয়ে কোনটি এগিয়ে যায়, তা জানা যাবে মুক্তির পর।
মতামত