শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, আদর্শিক নেতৃত্ব গঠন এবং শ্রমিক আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর এলাকার শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় সংগঠিত শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা ও দূরদর্শিতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো বুঝে সমাধানের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন,চিফ হুইপের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনকে আদর্শিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। সততা, নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্বশীলতার মাধ্যমে শ্রমিকদের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাঁদের নৈতিক ও আদর্শিক উন্নয়নেও কাজ করার আহ্বান জানান তিনি। শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিকদের মধ্যে আদর্শের প্রচার করতে হলে দায়িত্বশীলদের নিজেদের জীবন ও কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে। শ্রমিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তাঁদের সমস্যা, অধিকার ও প্রত্যাশা জানতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক নেতৃত্বকে সৎ, দক্ষ, যোগ্য, ত্যাগী ও শ্রমিকবান্ধব হতে হবে। অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে চট্টগ্রামের শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে শক্তিশালী ও সুশৃঙ্খল শ্রমিক আন্দোলন প্রয়োজন। ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিবিরে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে মহানগর, থানা, সেক্টর, মহিলা বিভাগ ও ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতারা প্রতিনিধি হিসেবে অংশ নেন।
মতামত