মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত শেষ করার সুপারিশ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত শেষ করার সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। রেজ্যুলেশন থেকে জানা যায়, কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সভায় শিক্ষকদের বদলির প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, অনেক নারী শিক্ষককে নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে বদলি করার ফলে মারাত্মক পারিবারিক সংকট দেখা দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের বিবাহবিচ্ছেদ ঘটেছে এবং কেউ কেউ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের ওপর জোর দেন তিনি।আরও পড়ুন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রীসভাপতির বক্তব্যের পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা স্পষ্ট করেন যে, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলিসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে। অন্যদিকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে মাউশির পক্ষ থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে বলেও তিনি জানান। সংশ্লিষ্টদের মতে, নীতিমালা চূড়ান্ত ও সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়া চালু হলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা আসার পাশাপাশি নারী শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।