রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নামছে ৩ হাজার বৈদ্যুতিক বাস
রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ও আধুনিকায়ন করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে বেসরকারি বাস মালিকদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (বিসিএপি)’-এর আওতায় গণপরিবহণ সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রী বলেন, ঢাকার গণপরিবহণে চালু হতে যাওয়া এই বৈদ্যুতিক বাসগুলো হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার বাইরে গিয়ে গণপরিবহণে কাঠামোগত পরিবর্তন আনা জরুরি উল্লেখ করে তিনি জানান, পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় এই সংস্কার সম্পন্ন করতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে এবং এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।আরও পড়ুন, হাসিনার ফেরা নিয়ে আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টাপ্রস্তাবিত নতুন এই ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলের অধীনে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ নিজেই। পরবর্তীতে নির্ধারিত মানদণ্ড বজায় রেখে বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটার অনুযায়ী নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। সংশ্লিষ্টদের মতে, এই নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে সড়কে বাসগুলোর মধ্যে যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে, পরিচালনায় শৃঙ্খলা ফিরবে এবং সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।