শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ফের বিক্ষোভ-অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে তারা নগরীর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই গুজবের পরপরই ইসলাম গার্মেন্টস ও পাশের রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অসন্তোষ ও উত্তেজনা বাড়তে থাকলে কর্তৃপক্ষ ইসলাম গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে প্রথমে জরুন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পরবর্তীতে দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লা ও স্থানীয় যাত্রীরা। আরও পড়ুন, ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, সংস্কার শুরুখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা সরে না গিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন এবং পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার মাধ্যমে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।