মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দণ্ডিত হয়েও কীভাবে রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা, প্রশ্ন রিজভীর

দণ্ডিত হয়েও কীভাবে রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা, প্রশ্ন রিজভীর

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান বলে রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র। এই ঘোষণার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন। রিজভী মন্তব্য করেন, আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং প্রচলিত আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা। তিনি শেখ হাসিনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রির প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, বাংলার মাটি কখনো অত্যাচার সহ্য করে না এবং এ দেশে কোনো স্বৈরশাসককে আর আশ্রয় দেওয়া হবে না। পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক প্রসঙ্গে রিজভী সন্দেহ প্রকাশ করে বলেন, ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে তারা কীভাবে দুই ঘণ্টা ধরে বৈঠক করলেন? এর পেছনে দিল্লির ইন্ধন রয়েছে কি না সেই প্রশ্ন তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, কোথাও একটি ভয়ংকর নীলনকশা চলছে।আরও পড়ুন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপিদেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংদের দিয়ে আগুন দেওয়ানো হচ্ছে। ইতোমধ্যে বিএনপির তিনজন নেতাকর্মী খুন হয়েছেন উল্লেখ করে তিনি এই হত্যাকাণ্ডের দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের ওপর চাপান। যারা জনগণকে হত্যা করতে পারে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সম্পূর্ণ ন্যায়সংগত বলে দাবি করেন। সবশেষে হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবে শান্ত হলেও প্রয়োজনে তারা পদ্মার ঢেউয়ের মতো প্রবল হতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন এমপি-ও বক্তব্য রাখেন।