হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করেছে অজিরা। দলের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রেখেছেন ট্রাভিস হেড।ঝড়ো ব্যাটিংয়ে ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হেড। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও তিনটি ছক্কা। এই ইনিংসের পথে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।হেড সেঞ্চুরি পূর্ণ করেন ৮৪ বলে। এর আগে এই রেকর্ড ছিল ম্যাট রেনশর দখলে। সিরিজের প্রথম ওয়ানডেতেই ৮৬ বলে শতক করেছিলেন রেনশ।হেডের সঙ্গে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক মিচেল মার্শ। দুজন মিলে মাত্র ১৯ ওভারে যোগ করেন ১৩০ রান। মার্শ ৬৩ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় করেন ৫৩ রান।২৮তম ওভারে হেডের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন তিন নম্বরে নামা কনোলি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৯ বলে ৭৮ রান করেন তিনি। তাঁর ইনিংসেও ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।শেষদিকে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান পিক। সাত নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি। হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। তাঁর ঝড়ো ব্যাটিংয়েই শেষদিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিনশ পঞ্চাশ ছাড়িয়ে যায়।এই সংগ্রহের মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ সালে হারারেতেই ৬ উইকেটে ৩৫০ রান করেছিল তারা।ওয়ানডে ক্রিকেটে এটি হেডের অষ্টম সেঞ্চুরি।
আড়ও পড়ুন,আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে
আর সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতকের সংখ্যা এখন ২০টি। এর মধ্যে ১২টি সেঞ্চুরি এসেছে টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তিন অঙ্কের দেখা পাননি এই বাঁহাতি ব্যাটার।ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিলেন হেড। মুখোমুখি হওয়া প্রথম বলেই ব্র্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন তিনি। ৩২ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর কিছুটা ধীর গতিতে খেললেও পরের ৫০ রান করতে তাঁর লাগে মাত্র ৪৩ বল।তবে রেকর্ড সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ওয়েসলি মাধেভেরের বলে টাইমিংয়ে ভুল করে বদলি ফিল্ডার রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর কনোলি ও পিকের ব্যাটিংয়ে আবারও চাপে পড়ে জিম্বাবুয়ের বোলিং আক্রমণ।স্বাগতিকদের হয়ে তিন উইকেট নেন ব্র্যাড ইভান্স। তবে ৯ ওভারে ৮৬ রান দিয়ে ছিলেন বেশ খরুচে। ওয়েলিংটন মাসাকাদজা ৯ ওভারে ৫১ রান দিয়ে নেন দুই উইকেট।
মতামত