বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই হতাশায় ডুবলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাতটি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যভ্রষ্ট করলেন তিনি। দ্বিতীয়ার্ধে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে অধিনায়কের এমন অফ-ডে সত্ত্বেও জয়বঞ্চিত হয়নি পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে লিসবনে ঘরের মাঠে ওয়েলসকে আতিথ্য দেয় পর্তুগাল। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬০ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি মোট ২৩টি শট নেয় তারা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েলস মাত্র পাঁচটি শট নিতে পারে এবং সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের থ্রু পাস থেকে পাওয়া প্রথম সুযোগেই গোলের চেষ্টা করেন তিনি। তবে ডি-বক্স থেকে নেওয়া তার কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরও একটি শট নেন পর্তুগিজ অধিনায়ক। সেটিও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।
২২ মিনিটে ম্যাচের প্রথম ও শেষ গোলটি আসে জোয়াও ফেলিক্সের পা থেকে। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো নিচু শট ওয়েলসের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে এটি ফেলিক্সের ৫৮ ম্যাচে ১৩তম গোল।বিরতির পর রোনালদোর সামনে আসে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগগুলোর একটি। রুবেন নেভেস ছয় গজ বক্সের সামনে দুর্দান্ত একটি ক্রস বাড়ালে ওয়েলসের গোলরক্ষক একদিকে সরে যান। ফলে সামনে ছিল প্রায় ফাঁকা গোলপোস্ট। কিন্তু অবিশ্বাস্যভাবে রোনালদোর পায়ে লেগে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নিজের এমন মিসে হতাশা প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই তারকা।
আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন
এরপর আরও একবার গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। পরে আরও একটি দুর্বল শট নিলেও সেটি সহজেই নিয়ন্ত্রণে নেন ওয়েলসের গোলরক্ষক।
৬৭ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ জেসুস। মাঠ ছাড়ার সময় তার মুখে ছিল হতাশার ছাপ। তবে গ্যালারিতে থাকা পর্তুগালের সমর্থকরা তাকে শুভকামনা জানান।
শেষদিকে ওয়েলস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। ৭৩ মিনিটে তারা একটি শট নেয় যা লক্ষ্যে রাখতে পারেনি। এর পরের মিনিটেই তাদের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। সেটি জালে ঢুকলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জোয়াও ফেলিক্সের ২২ মিনিটের গোলই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। রোনালদোর হতাশার রাত হলেও পর্তুগাল ১-০ ব্যবধানের জয় দিয়ে নেশনস লিগের নতুন আসর শুরু করেছে।
মতামত