দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে মূল্যবান এই দুই ধাতুর দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
আরও পড়ুন,ডলারের শক্তিতে বিশ্ববাজারে সোনার দামে পতন
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেটের সোনার ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। পাঁচ দিনের ব্যবধানে এবার দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা। রুপার দাম ভরিতে সর্বোচ্চ ১১৬ টাকা কমানো হয়েছে। বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামাও এই মূল্য সমন্বয়ের অন্যতম প্রভাবক।
মতামত