বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি উৎসাহিত হয় বা রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠার সুযোগ পায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এর আগে সোমবার রাতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ ধরনের কর্মকাণ্ড পতিত ফ্যাসিবাদী শক্তিকে প্রাসঙ্গিক করে তোলার সুযোগ তৈরি করছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জিয়া উদ্যানে সমবেত হন।
আরও পড়ুন,রিজভীর বক্তব্য
পরে রিজভীর নেতৃত্বে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রিজভী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো পরিকল্পিত বলে মনে করে দলটি। এসব প্রচারণা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন রিজভী। তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে সংগঠনটির যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। অতীতের নির্যাতনের কথা তুলে ধরে রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলনের কারণে যুবদলের নেতাকর্মীদের বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। অনেককে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছিয়ে যাননি। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক রাজনীতি বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের পুনর্গঠন এবং মানুষের আর্থিক উন্নয়নেও সংগঠনটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত